হারুন অর রশিদ, ফেনী

প্রকাশিত: ১৫ আগষ্ট, ২০২৬, ১১:৩২ এ এম

অনলাইন সংস্করণ

দাগনভূঞায় ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগ ঘিরে বিতর্ক: ভাইভা নিলেন ইউএনও, তালিকা করলেন রাজনৈতিক নেতা!

ছবি; সংগৃহিত

ফেনীর দাগনভূঞা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তা কর্তৃক পরিচালিত মৌখিক পরীক্ষার (ভাইভা) তোয়াক্কা না করে বিশেষ রাজনৈতিক তালিকার ওপর ভিত্তি করে চূড়ান্ত নিয়োগ দেওয়ার খবর পাওয়া গেছে।​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড শুমারির কার্যক্রম ত্বরান্বিত করতে সম্প্রতি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের জন্য আবেদন গ্রহণ ও ভাইভা অনুষ্ঠিত হয়। সরকারি বিধি অনুযায়ী নিয়োগ বোর্ডের দায়িত্বে ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর ইসলাম।​তবে নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশের পর সৃষ্টি হয় চরম অসন্তোষ। অভিযোগ উঠেছে, সরকারি বোর্ডের নেওয়া ভাইভা প্রক্রিয়াকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে উপজেলা বিএনপির তৈরি করা তালিকার ভিত্তিতেই নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

​তালিকায় খোদ দলীয় কোন্দল ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন। "কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মৌখিক পরীক্ষা নিলেও মূলত বিএনপির দেওয়া পছন্দের তালিকা অনুসারেই চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করা হয়েছে। ​সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রাক-বাছাই ও ভাইভা বোর্ডের পর কীভাবে একটি দলীয় নেতার সুপারিশকৃত তালিকা অনুযায়ী নিয়োগ সম্পন্ন হলো তা নিয়ে স্থানীয় সুশীল সমাজ ও বঞ্চিত প্রার্থীদের মধ্যে তীব্র প্রশ্নের সৃষ্টি হয়েছে।​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও বঞ্চিত চাকরিপ্রার্থীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিতর্কিত তালিকাটি বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন