বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৭:০৩ পিএম

অনলাইন সংস্করণ

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম : রিজভী

ছবি; সংগৃহিত

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। যথাসময়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরা হবে।
আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া ১২ জন কর্মকর্তা রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং আমরা সেটিই বিশ্বাস করতে চাই।
তিনি আরো বলেন, পদত্যাগকারী রাষ্ট্রপতির বিচারের দাবি বিভিন্ন রাজনৈতিক দল তুলেছে। এ বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আলোচনা হবে এবং পরে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ১২ কর্মকর্তার প্রসঙ্গে রিজভী বলেন, যারা গতকাল বিভিন্ন সরকারি সংস্থায় দায়িত্ব পেয়েছেন, তারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সাম্প্রতিক আন্দোলনে দলের নেতা-কর্মীদের অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবে তাদের এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা আজ দায়িত্ব পেয়েছেন, তারা কোনো অবস্থাতেই তাদের আদর্শ বিক্রি করবেন না এবং কখনো মাথা নত করবেন না।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, গত চার মাসে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার অসংখ্য জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রতিশ্রুত প্রতিটি বিষয় বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন