প্রকাশিত: ১৮ ঘন্টা আগে, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ
নীলফামারীর কিশোরগঞ্জে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে সময় বাড়িয়ে ২টা ২০ মিনিট পর্যন্ত সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।
রোববার (১৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ইতিহাস প্রথম পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
পরিক্ষার্থীরা জানান, সকাল ১০টায় ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। এ সময়ে পরিক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। সেই অনুযায়ী শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ভুল প্রশ্নের পরীক্ষা দিতে থাকেন ৷ পরে ভুলটি ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করেন। এরপর নতুন প্রশ্নে সময় বাড়িয়ে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
পলক নামে এক শিক্ষার্থী বলেন, আজকে সকালে পরীক্ষা শুরু হয় প্রথমে আমরা বুঝতে পারিনি কিন্তু পরে পৌনে দুই ঘণ্টা যাওয়ার পরে বুঝতে পারি প্রশ্নটি ২০২৫ সালের পরে স্যারকে জানালে তারা সেটি পরিবর্তন করে দেন।
আরেক শিক্ষার্থী হাসান বলেন, আমাদের শিক্ষকদের গাফলতির কারণে আমার বড় ক্ষতি হয়ে গেলো, তারা আমাদের ভুল প্রশ্ন দিয়েছিল। আমরা পরীক্ষা দেওয়ার পরে দেখি আমাদের প্রশ্নটি ভুল। সেটি পরিবর্তন করে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।
পরীক্ষার্থী শুভ মিয়া বলেন, আজ আমাদের ইতিহাস পরীক্ষা ছিল। দুইটি রুমে আমরা যখন চারটি সৃজনশীল উত্তর লেখা শেষ করি তখন একজন শিক্ষক এসে আমাদের নতুন প্রশ্নপত্র দেন। ততক্ষণে প্রায় পৌনে দুই ঘণ্টা সময় শেষ হয়ে গেছে। আবার নতুন করে আমাদের সাতটা সৃজনশীল লিখতে হয়েছে। আমরা পরে ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা দিয়েছি।
এ বিষয়ে বড়ভিটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীর বলেন, আমরা সঠিক প্রশ্ন দিয়ে পরীক্ষা নিয়েছি। একাধিক শিক্ষার্থীর অভিযোগের কথা তাকে জানালে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি, খুদে বার্তা পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, আমি বর্তমানে মিটিংয়ে আছি। বিষয়টি সম্পর্কে অবগত আছি, এই বিষয় নিয়ে আমরা ইউএনও মহোদয়ের সঙ্গে বসছি।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন