প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যাই বেশি।
রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন ছাত্র, যা মোটের ৪৫ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রী বৃত্তি পেয়েছে, যা মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ৫৪ দশমিক ৭১ শতাংশ।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে চলতি বছরের এপ্রিল মাসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা-২০২৬ অনুযায়ী, এবার মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা ছিল। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি ছিল ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫০০টি। ট্যালেন্টপুল বৃত্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়।
সাধারণ বৃত্তির ক্ষেত্রেও সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়। সরকারি বিদ্যালয়ের জন্য ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক বৃত্তি বরাদ্দের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়ের জন্য উপজেলাভিত্তিক ২০ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়।
এবারের পরীক্ষায় অংশ নেয় দেশের ৭৮ হাজার ৮১০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সরকারি বিদ্যালয় ছিল ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি। মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন। এর মধ্যে ছাত্র ২ লাখ ৫৬ হাজার ১১৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৮৮ হাজার ৯২৪ জন।
পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন শিক্ষার্থী, যা নিবন্ধিত পরীক্ষার্থীর ৬৫ দশমিক ১১ শতাংশ। অংশগ্রহণকারীদের মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৭৫ হাজার ৮৫৫ জন।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী রয়েছে।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রোববার দুপুর থেকেই মিরপুরে অধিদপ্তরের সার্ভারে ফলাফল আপলোডের কাজ শুরু হয়েছে। পুরো ফলাফল ওয়েবসাইটে প্রকাশ হতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।
উল্লেখ্য, এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন