প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১২:৫৪ এ এম
অনলাইন সংস্করণ
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়াজুড়ে। শেষ আটের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে বর্তমান শক্তিধর ফ্রান্স ও আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কোর মুখোমুখি লড়াই। কাতার বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি ফিরিয়ে এনে এবার বোস্টনের মাঠে আবারও একে অপরের বিপক্ষে নামছে দুই দল।
তবে শুধু বর্তমান ফর্ম নয়, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ইতিহাসও বলছে- এই ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন বাস্তবতা। একদিকে দীর্ঘ অভিজ্ঞতা আর সাফল্যে সমৃদ্ধ ফ্রান্স, অন্যদিকে নতুন ইতিহাস লেখার স্বপ্নে উজ্জীবিত মরক্কো।
বিশ্বকাপের ইতিহাসে এটি ফ্রান্সের নবম কোয়ার্টার ফাইনাল। এর আগে আটবার শেষ আটে উঠে ছয়বারই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ‘লে ব্লু’রা। ১৯৯৮ সালে নিজেদের মাটিতে এবং ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ জয়ের পথেও কোয়ার্টার ফাইনাল সফলভাবেই অতিক্রম করেছিল ফরাসিরা। সব মিলিয়ে এই পর্যায়ে তাদের অভিজ্ঞতা ও সাফল্য নিঃসন্দেহে অন্যতম সেরা।
অবশ্য কোয়ার্টার ফাইনালের স্মৃতি সবসময় সুখকর নয় ফ্রান্সের জন্য। অতীতে জার্মানি ও ইতালির মতো শক্তিশালী প্রতিপক্ষের কাছে এই ধাপেই বিদায় নিতে হয়েছে তাদের। ফলে শেষ আটের লড়াইয়ে আত্মবিশ্বাসের পাশাপাশি সতর্কও থাকতে হবে কিলিয়ান এমবাপ্পেদের।
অন্যদিকে, মরক্কোর জন্য এটি বিশ্বকাপ ইতিহাসের মাত্র দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। কিন্তু অল্প সময়েই তারা গড়ে ফেলেছে এক অনন্য কীর্তি। কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ আটে উঠে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল অ্যাটলাস লায়ন্সরা। সেই জয়ের মধ্য দিয়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ইতিহাস সৃষ্টি করে তারা।
এবার উত্তর আমেরিকার মাটিতেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মরক্কো আরও একটি নজির স্থাপন করেছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে টানা দুই আসরে কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে দলটি। ফলে শেষ আটে এখন পর্যন্ত শতভাগ সাফল্যের রেকর্ড নিয়েই মাঠে নামবে মরক্কো।
অভিজ্ঞতা, পরিসংখ্যান ও ঐতিহ্যের বিচারে ফ্রান্স এগিয়ে থাকলেও সাম্প্রতিক বিশ্বকাপে মরক্কোর দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করেছে, তারা যে কোনো প্রতিপক্ষের জন্যই বড় চ্যালেঞ্জ। তাই বোস্টনের এই লড়াইয়ে অভিজ্ঞতার সঙ্গে ইতিহাস গড়ার স্বপ্নের সংঘর্ষ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন