প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ
ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা এবার নিজের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনলেন। যদিও প্রেমিকের পরিচয় আপাতত গোপনই রাখছেন, তবুও সামাজিক মাধ্যমে দেওয়া একটি ছোট্ট আপডেটেই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।
সোমবার (২৯ জুন) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘Engaged’ লেখেন নীহা। এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধারণা করেন, হয়তো গোপনে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।
তবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটিয়ে নীহা জানান, তিনি বাগদানের ঘোষণা দেননি। বরং তিনি শুধু বোঝাতে চেয়েছেন যে, এখন আর একা নন।
এ বিষয়ে ঢাকা পোস্টকে নীহা বলেন, ‘আমি এংগেজমেন্টের কথা উল্লেখ করিনি; আমি লিখেছি এংগেজড। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারো না কারো সঙ্গে সম্পর্কে আছি। সময় হলে তার পরিচয়ও সবাই জানতে পারবেন।’
এর আগে প্রায় চার মাস আগে সামাজিক মাধ্যমে নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সে সময় তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, খবরটির কোনো সত্যতা নেই। তবে এবার নিজের মুখেই সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করলেও, প্রেমিকের পরিচয় কিংবা সম্পর্কের বিস্তারিত কিছুই প্রকাশ করেননি। ফলে রহস্যটা আপাতত বহালই থাকছে।
২০২৩ সালের ঈদুল ফিতরে প্রচারিত ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় নাজনীন নাহার নীহার। প্রথম নাটকেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে ছোট পর্দায় নিজের অবস্থান শক্ত করেছেন।
‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’ এবং ‘মায়াপাখি’সহ একাধিক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানসহ ছোট পর্দার শীর্ষ অভিনেতাদের সঙ্গেও পর্দা ভাগ করে নিয়েছেন এই তরুণ অভিনেত্রী।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন