বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১৮ মিনিট আগে, ০১:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় পরস্পরের সঙ্গে জড়িত : দীনেশ ত্রিবেদী

ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাসের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও অংশীদারত্ব ক্রমেই আরও বিস্তৃত হচ্ছে। সময়ের সঙ্গে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের হাইকমিশনার বলেন, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে গড়ে ওঠা জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের মূল শক্তি। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

ভবিষ্যতের দিকে তাকিয়ে ভারতের অগ্রগতি, ঐক্য ও সমৃদ্ধির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, একই সঙ্গে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও বাংলাদেশকে হাতে হাত রেখে কাজ করতে হবে।

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে দুই দেশের মধ্যকার বন্ধুত্বের অসাধারণ বন্ধন আরও শক্তিশালী করা সম্ভব। অভিন্ন ইতিহাস ও ভবিষ্যতের অভিন্ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর ও অর্থবহ হয়ে উঠবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন