বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:১৭ পিএম

অনলাইন সংস্করণ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

ছবি; সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির পঞ্চম বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থানে অবদান রাখা শ্রমজীবী মানুষ এবং ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিরা সংবিধান সংশোধনের বিষয়ে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছেন। রোববার (৪ অক্টোবর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে এসব প্রস্তাব পেশ করা হয়। 
এই প্রক্রিয়াকে আরও সর্বজনীন ও সমৃদ্ধ করতে পর্যায়ক্রমে সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের বিচারক, শিক্ষাবিদ এবং জুলাই গণ–অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আগামী বৈঠকগুলোতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি। 
বৈঠকে সংসদীয় কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। এছাড়া কমিটির সদস্য সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল বৈঠকে উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে আইনপ্রণেতা দীপেন দেওয়ান, আন্না মিনজ এবং মাধবী মারমা এতে আলোচনায় অংশ নেন।
কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, বৈঠকে শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা যেসব প্রস্তাব পেশ করেছেন তার পাশাপাশি, যদি কারও কাছে অতিরিক্ত কোনো লিখিত প্রস্তাব থাকে, তবে তা কমিটিতে প্রেরণের আহ্বান জানানো হয়েছে। উত্থাপিত ও লিখিতভাবে প্রাপ্ত সমস্ত প্রস্তাবই কমিটি কর্তৃক চূড়ান্তভাবে প্রস্তুতকৃত প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ থাকবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে সহায়তা প্রদান করেন।
সংবিধান সংশোধনের এই পুরো প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে পর্যায়ক্রমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পরবর্তী বৈঠকগুলোতে আমন্ত্রণ জানানো হবে। এই তালিকায় রয়েছেন নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জুলাই গণ–অভ্যুত্থান এবং জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও সংগঠন, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবীসহ বিশিষ্টজনরা। সব স্তরের অংশীদারদের মতামতের সমন্বয় ঘটিয়েই চূড়ান্ত রূপ পাবে সংবিধান সংশোধনের প্রস্তাবনা।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন