সোনাগাজী প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

সোনাগাজীর উন্নয়নে ৫ দফা দাবিতে সোনাগাজী সমিতি চট্টগ্রামের সংবাদ সম্মেলন

ছবি; সংগৃহিত

ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে পাঁচ দফা দাবি জানিয়েছে সোনাগাজী সমিতি, চট্টগ্রাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক মিলনায়তনের (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সোনাগাজীর যোগাযোগ, পানি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

সমিতির পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবিগুলো হলো—
১. লালপুল ফ্লাইওভার নির্মাণ।
২. মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ।
৩. মঙ্গলকান্দি (ডাকবাংলা) ২০ শয্যাবিশিষ্ট বন্ধ হাসপাতাল চালু করা।
৪. কুঠিরহাটে একটি প্রশাসনিক থানা ও সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা।
৫. সোনাগাজী হাসপাতালকে আধুনিকীকরণ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সোনাগাজীর বিপুল জনগোষ্ঠীর দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রয়োজন। জনস্বার্থে দাবিগুলো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।সোনাগাজী সমিতি, চট্টগ্রামের নেতৃবৃন্দ বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে সোনাগাজীর যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, প্রশাসনিক সুবিধা ও জননিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি সাইফুল আলম। সোনাগাজী সমিতি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুলের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজ্জাদুল হক, গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার তৌহিদ, আবু আহম্মদ মিঞা, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, সমিতির নির্বাহী সদস্য মহিউদ্দিন হেলাল, মহিউদ্দিন মজনু প্রমুখ।

বাংলাধারা/রবিউল হাসান রবি

মন্তব্য করুন