ফেনী জেলা প্রতিনিধি বাংলা ধারা

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৫৮ এ এম

অনলাইন সংস্করণ

স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক

ফেনী: নাগরিকদের সমস্যা সমাধান ও পৌরসভার বিভিন্ন সেবা দ্রুত ও সহজে পৌঁছে দিতে চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাই ফেনী’। এ অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই পৌরসভার বিভিন্ন সেবা গ্রহণের পাশাপাশি নাগরিক সমস্যার বিষয়ে অভিযোগ ও আবেদনের সুযোগ থাকবে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফেনী পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা আইসিটি কর্মকর্তা সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী ও সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাশেদুল আলম।

অনুষ্ঠানে কারিগরি সহায়তা দেন ইনোভেশন আইটির সিইও খুরশিদ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, পৌরবাসীকে ভোগান্তিমুক্ত ও দ্রুততম সময়ে সেবা দেওয়াই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘মাই ফেনী’ অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যা ও পৌরসেবাকে ডিজিটালাইজড করার উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। নাগরিকরা যেন শুধু অভিযোগ জানিয়ে ক্ষান্ত না হন, বরং তাদের অভিযোগের দ্রুত ও গুণগত সমাধান পান, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক বলেন, প্রযুক্তি আমাদের কাজকে সহজ করেছে। তবে এর সুফল পেতে হলে সেবাদাতাদের সদিচ্ছা ও দায়িত্বশীলতা জরুরি। এ অ্যাপ ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি পৌরসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

‘একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্মার্ট ফেনী গঠনে এই ডিজিটাল প্ল্যাটফর্ম বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি’, যোগ করেন তিনি।

অনুষ্ঠানে অ্যাপটির ব্যবহারবিধি ও বিভিন্ন ফিচার প্রদর্শন করা হয়। ‘মাই ফেনী’ অ্যাপের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা, ময়লা-আবর্জনা নিষ্কাশন, সড়কবাতি মেরামতসহ পৌরসভার বিভিন্ন নাগরিক সেবার জন্য সরাসরি আবেদন করা যাবে। পাশাপাশি আবেদনের অগ্রগতি ও সেবা পাওয়ার বিষয়টিও তদারকি করা যাবে।

অনুষ্ঠানে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা, প্রশাসনিক কর্মকর্তা এস.এম. শরফত উল্যাহ চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/ মাহমুদউল্লাহ সাইফ

মন্তব্য করুন