প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করবে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশনের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এখন মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হবে।
এর আগে, গত ২১ জুলাই মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন।
প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি।
এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল গত ২১ জুলাই। সেদিন প্রসিকিউশন আরও দুই মাস সময়ের আবেদন করলেও, মোজাফফরের সঙ্গে তার যোগসাজশের অভিযোগ সামনে আসায় আদালত নতুন কোনো তারিখ নির্ধারণ করেননি। এ কারণে বৃহস্পতিবার তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন