প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৪:১৭ পিএম

অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের বলার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনার বিষয়ে সরকারের কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তাহলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এ বিষয়ে সরকারের আলাদা কোনো করণীয় নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অর্থমন্ত্রী, ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ‘পদত্যাগের বিষয়টি এখনো গুঞ্জনই। যদি সেটি বাস্তবে ঘটে, তখন প্রয়োজনীয় বিষয়গুলো দেখা হবে।’

রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো ফোনালাপ করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই।’

সাংবিধানিক প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর আইন ও সংবিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

এদিকে একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, শুধু পর্যটন নয়, দেশের গভীর সমুদ্রসম্পদকে অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগাতে বড় পরিসরের নতুন প্রকল্পও হাতে নেওয়া হচ্ছে।

 

বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন