প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ
বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার (২৭ জুলাই) থেকে পুনরায় শুরু হচ্ছে। এদিন থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন স্থগিত পরীক্ষাগুলোর অবশিষ্ট অংশও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এবং পূর্বনির্ধারিত রুটিন অনুসারেই পরীক্ষা নেওয়া হবে। তবে বন্যার কারণে আগে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
আগামী ২৭ জুলাই চারটি বিষয়ের পরীক্ষা দিয়ে কার্যক্রম শুরু হবে। সেদিন পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরপর পূর্বপ্রকাশিত রুটিন অনুযায়ী ধারাবাহিকভাবে বাকি পরীক্ষাগুলো দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
এ ছাড়া বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যেসব পরীক্ষা স্থগিত বা বাতিল হয়েছিল, সেগুলোর সংশোধিত সময়সূচি যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার্থী, কেন্দ্রসচিব, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন