প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ ১৭ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টাইগারদের বিপক্ষে টেস্ট আয়োজন করছে ইংল্যান্ড। আর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রিকেটের ‘মক্কা’খ্যাত ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট।
সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, ‘বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট ম্যাচের জন্য এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাঠে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।’
একই সফরে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। তারা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
বাংলাদেশ-ইংল্যান্ড (পুরুষ)
২৮ মে-১ জুন, ২০২৭: একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন
ইংল্যান্ড-বাংলাদেশ (নারী)
টি-টোয়েন্টি সিরিজ
৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন
১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টনটন
১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার
ওয়ানডে সিরিজ
১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ
২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবুরি
২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড
দীর্ঘ বিরতির পর ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের টেস্ট ম্যাচ আয়োজন ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। বিশেষ করে লর্ডসের মতো ঐতিহাসিক ভেন্যুতে টাইগারদের মাঠে নামা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করবে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন