বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৯:০১ পিএম

অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির পদত্যাগের জল্পনার মধ্যে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার মধ্যেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত স্পিকার পূর্বনির্ধারিত সময়ের দুই দিন আগেই আগামীকাল শুক্রবার ঢাকায় ফিরছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে স্পিকারের। তার একান্ত সচিব (পিএস) রওশন কবিরও বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সরকারের উচ্চপর্যায় থেকে জরুরি বার্তা পাওয়ার পর সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

তবে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের স্পিকারের উদ্দেশে স্বাক্ষরিত লিখিত পত্র জমা দিতে হয়।

এ ছাড়া ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।

বাংলাদেশের ইতিহাসে এর আগে ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর অষ্টম জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৮ দিন এ দায়িত্বে ছিলেন।


বাংলাধারা/শারমিন

মন্তব্য করুন