প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি নির্মাণের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লাখ রুপি নেওয়া এবং সেই অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে টালিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এ ঘটনায় কলকাতার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ করেছেন হুগলির আরামবাগের বাসিন্দা ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে থানায় অভিযোগটি দায়ের করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
অভিযোগকারী শাহিদের দাবি, ২০২১ সালে একটি সিনেমা নির্মাণের কথা বলে সোহম চক্রবর্তী তার কাছ থেকে ৬৮ লাখ রুপি নেন। পরবর্তীতে সিনেমাটি মুক্তি পায় এবং ব্যবসায়িকভাবেও সফল হয়। তবে সিনেমা থেকে লাভ তো দূরের কথা, নিজের বিনিয়োগ করা অর্থও ফেরত পাননি বলে অভিযোগ করেছেন তিনি।
শাহিদের অভিযোগ, পাওনা অর্থ ও লভ্যাংশ ফেরত চাইলে সোহমের পক্ষ থেকে নানা ধরনের টালবাহানা করা হয়। একপর্যায়ে কলকাতার সাউথ সিটি মলের পার্কিং এলাকায় সোহমের এক সহযোগীর সঙ্গে তার দেখা হয়। সেখানে টাকা ফেরত চাওয়ার পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
অভিযোগকারী আরও দাবি করেছেন, সোহম চক্রবর্তী তখন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের বিধায়ক থাকায় তার রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে ভয়ভীতি দেখানোর হুমকিও দেওয়া হয়েছিল।
শাহিদের ভাষ্য, পরে তিনি সরাসরি সোহমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সিনেমার স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে সোহম বিপুল অর্থ পেলেও তার পাওনা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এবারই প্রথম নয়। চলতি বছরের জুনে তার বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ রুপি প্রতারণার অভিযোগ উঠেছিল। সে সময়ও সিনেমা নির্মাণের কথা বলে অর্থ নেওয়ার পর ছবি না বানানো এবং টাকা ফেরত চাইলে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ভয় দেখানোর অভিযোগ করা হয়েছিল।
এর আগে নিউ টাউনের একটি রেস্টুরেন্টের মালিকের সঙ্গে বচসা ও হাতাহাতির ঘটনায়ও সমালোচনায় এসেছিলেন এই অভিনেতা।
তবে সর্বশেষ অভিযোগের বিষয়ে সোহম চক্রবর্তীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন