বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে বিল পরিশোধে পুরোনো সুবিধা ৩১ অক্টোবর পর্যন্ত

ছবি; সংগৃহিত

চট্টগ্রাম বন্দরের কনসাইনী বিল পরিশোধে অনলাইন ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে। এরপর ১ নভেম্বর থেকে এসব বিল শতভাগ অনলাইনে পরিশোধ করতে হবে।বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ‘কনসাইনি বিল ফর কনটেইনার’ অনলাইন ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে।
তবে ১ নভেম্বর থেকে বাধ্যতামূলকভাবে শতভাগ ‘কনসাইনি বিল ফর কনটেইনার’ অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। ওই তারিখ থেকে কোনো ধরনের পে-অর্ডার বা ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে এসব বিল গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরের অনলাইন সিস্টেমের সঙ্গে সোনালী ব্যাংকের কারিগরি কার্যাদি সম্পন্ন হয়েছে। ফলে সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ে ব্যবহার করেও চট্টগ্রাম বন্দরের যেকোনো বিল অনলাইনে পরিশোধ করা যাবে।
সংশ্লিষ্ট সব সি অ্যান্ড এফ এজেন্ট, কনসাইনি ও বন্দর ব্যবহারকারীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে বিল পরিশোধ নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এর আগে, ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামানের কাছে দেওয়া এক আবেদনে নতুন চালু হওয়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার পাশাপাশি বিদ্যমান ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ বহাল রাখার অনুরোধ জানায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলীর সই করা ওই আবেদনে বলা হয়, আগে পে-অর্ডারের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ সার্ভিস সেন্টারে অবস্থিত বিভিন্ন ব্যাংকের শাখায় পরিচালিত সি অ্যান্ড এফ এজেন্টদের রিভলভিং অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার বা অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে নিয়মিত কনসাইনী বিল পরিশোধ করা হতো। এতে সি অ্যান্ড এফ এজেন্টরা সহজে ও দ্রুত বিল পরিশোধ করতে পারতেন।
কিন্তু ২৩ সেপ্টেম্বর থেকে ওই ব্যবস্থা বন্ধ করে নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিল পরিশোধে বাধ্য করায় সি অ্যান্ড এফ এজেন্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে আবেদনে উল্লেখ করা হয়। পরে অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট ব্যবস্থা সাময়িকভাবে চালু করা হয়।
আবেদনে নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার পাশাপাশি রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ বহাল রাখার অনুরোধ জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও রিভলভিং অ্যাকাউন্টে বিল পরিশোধের সুযোগ রাখার সিদ্ধান্ত জানায়।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন