প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ
সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিল করতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীরের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
সোমবার সচিবালয়ে নিজের অফিসকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ইউএইর একটি আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তে বেনজীর আহমেদকে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পরপরই সেখানে নিয়োজিত বাংলাদেশের ল’ ফার্মকে জামিন বাতিলের আবেদন এবং আদালতে পিটিশন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি। বেনজীরকে কী কী শর্তে জামিন দেওয়া হয়েছে, তা নিশ্চিত হতে আদালতের আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের অনুরোধ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক—দুই প্রক্রিয়াই সক্রিয় রয়েছে।’ তবে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ রয়েছে বলেও জানান তিনি।
এদিকে সাম্প্রতিক সময়ে মেট্রোরেল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মতিঝিল এলাকায় মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং পরে আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কোনো পক্ষ এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং বিশেষ টিম বিষয়টি নজরদারি করছে।
আগামী ৫ আগস্টের কর্মসূচি ঘিরে রাজনৈতিক তৎপরতা ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত দলটির বড় কোনো কর্মসূচি পালনের সক্ষমতা বর্তমানে নেই। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং বিশেষ করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সামগ্রিক পরিস্থিতি বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব ধরনের উগ্রবাদী তৎপরতা নিয়মিত মনিটর করা হচ্ছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন