প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২৩ এ এম
অনলাইন সংস্করণ
কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় ভারী ও মাঝারি বৃষ্টি হয়েছে। এতে গরমের তীব্রতা কিছুটা কমে স্বস্তি ফিরেছে নগরজীবনে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় বৃষ্টির এ প্রবণতা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় থেমে থেমে গুঁড়িগুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে।
এদিকে, সোমবার সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন