প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪২ এ এম
অনলাইন সংস্করণ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। ভ্যাটসহ ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার অলংকার কিনতে গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। অর্থাৎ এক ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
শনিবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি ও স্থানীয় বাজারের পরিস্থিতি পর্যালোচনা করে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনটি।
তবে সোনার দাম বাড়লেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের দামেই ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৮৯৯ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২৬৬ টাকা অপরিবর্তিত রয়েছে।
দেশের স্বর্ণের বাজারে সাম্প্রতিক সময়ে দামের বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। এর আগে ৬ আগস্ট এক দফায় ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছিল। কিন্তু মাত্র এক দিন পর, ৭ আগস্ট, নতুন করে দাম নির্ধারণ করে প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। এর পরদিনই আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা এলো।
ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে স্বর্ণের বাজারে দামের একাধিক পরিবর্তন ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। নতুন মূল্য কার্যকর হওয়ায় বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য যারা স্বর্ণালঙ্কার কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য ব্যয়ের চাপও আরও বাড়ল।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন