বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:৩৩ এ এম

অনলাইন সংস্করণ

মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

ইরানের প্রেসিডেন্টের এই শুভেচ্ছাবার্তা ইতোমধ্যে নয়াদিল্লিতে ইরানি দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে।

শুভেচ্ছাবার্তায় পেজেশকিয়ান বলেন, ইরান ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করতে তেহরান আগ্রহী। দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে তিনি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত যোগসূত্রের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, শত শত বছর ধরে ভারত ও ইরানের জনগণের মধ্যে যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে, তা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার পরিবেশে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুসংহত করা এবং দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে তেহরান কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত।

শুভেচ্ছাবার্তায় ভারত ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও বিকশিত ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন পেজেশকিয়ান। একই সঙ্গে ভারতের জনগণের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি, কল্যাণ ও সুখ কামনা করেন তিনি।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন