প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:২৪ এ এম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় ভোর থেকেই জড়ো হতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে, তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সকাল হওয়ার আগেই নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ নির্ধারিত সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউ দলবদ্ধভাবে। দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আকাঙ্ক্ষায় তাদের মধ্যে ক্লান্তির চেয়ে উৎসাহই বেশি দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তাদের অনেকেরই জীবনে এই প্রথম প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে। সেই প্রত্যাশায় ভোরেই বিভিন্ন এলাকা থেকে মির্জাপুরে এসে সড়কের পাশে অবস্থান নেন তারা।
অপেক্ষমাণ রাসেল মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য ভোরেই বাড়ি থেকে বের হয়েছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তাকে একবার চোখের সামনে দেখতে পারলেই আমাদের এই অপেক্ষা সার্থক হবে।’
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখা এবং সড়কের পাশে অবস্থান নেওয়া মানুষের চলাচল নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মানুষের একটাই প্রত্যাশা দূর থেকে হলেও একবার প্রিয় নেতাকে চোখের দেখা পাওয়া।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন