প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও এক বৃদ্ধা নারী আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তার সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় বধির এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামের ওই বৃদ্ধা নারীও আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। বৃদ্ধা নারীও আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন