প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ফেনী ইউথ ক্লাবের আয়োজনে সোনাগাজীতে অনুষ্ঠিত হয়েছে ‘ম্যাথ ফেস্টিভ্যাল সিজন-৩’। গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো, মেধা যাচাই এবং গণিতভিত্তিক চিন্তাশক্তির বিকাশের লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় সোনাগাজী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে সোনাগাজী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যাথ ফেস্টিভ্যালের নিবন্ধন কার্যক্রম ও প্রচারণা চালানো হয়। এসব ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা নিবন্ধন সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণ করে।পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম, সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাইনুদ্দিন আহমেদ, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সোনাগাজী সাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. তানভীর মাহমুদ তওহীদ, প্রগতি পাঠশালার পরিচালক শরীফ মাহমুদ, নিক্কা শাহ স্টোরিজের সিইও ও ফটোগ্রাফার হোসেন আজাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।কেন্দ্র পরিদর্শনকালে অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতামূলক পরিবেশে গণিতের পরীক্ষা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা যাচাই করার পাশাপাশি গণিতভীতি কাটিয়ে উঠতে পারবে বলেও তারা উল্লেখ করেন।ম্যাথ ফেস্টিভ্যাল সিজন-৩-এর এক্সাম কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করেন ফেনী ইউথ ক্লাবের এক্সিকিউটিভ আবু ছাকিব মো. নাজমুল হক। জেলা ভিজিটর হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউথ ক্লাবের এক্সিকিউটিভ নুরুল হক শুভ এবং সাব-এক্সিকিউটিভ মোহাম্মদ সামি।ফেনী ইউথ ক্লাবের জেলা এক্সিকিউটিভ নুরুল হক শুভ বলেন, “আমরা প্রতিবছর শিক্ষার্থীদের নিয়ে গণিতভিত্তিক বিভিন্ন কার্যক্রম করার চেষ্টা করি। ম্যাথ ফেস্টিভ্যালের মাধ্যমে শিক্ষার্থীরা গণিতে নিজেদের কতটুকু অর্জন করতে পেরেছে, তা যাচাই করার সুযোগ পায়। এ ধরনের আয়োজন তাদের চেষ্টা ও প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলবে এবং গণিতে নিজেদের আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগাবে।”আয়োজকরা জানান, শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতে গণিতচর্চায় আরও আগ্রহী করে তুলতেই ফেনী ইউথ ক্লাব নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করে আসছে। সোনাগাজীতে এবারের আয়োজনেও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সোনাগাজীতে ম্যাথ ফেস্টিভ্যালের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ফেনী ইউথ ক্লাবের সাব-এক্সিকিউটিভ নুর উদ্দিন রনি।
বাংলাধারা/রবিউল হাসান রবি
মন্তব্য করুন