বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:২৫ পিএম

অনলাইন সংস্করণ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ছবি; সংগৃহিত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় আ স ম আব্দুস সামাদ নামে এক কসাইখানা পরিদর্শক ও মামুন হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ও মহেশপুর উপজেলার কুল্লাপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
স্থানীয়রা জানান, সকালে কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ মোটরসাইকেলে করে বৈশাখি তেল পাম্পের সামনে থেকে অফিসে যাচ্ছিলেন। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়।
এতে আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নুর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। আহত নুর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, সকালে রূপসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ইজিবাইককে ধাক্কা দিলে মোটরসাইকেলচালক নিহত হন। এঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।
অন্যদিকে, মহেশপুর উপজেলার কুল্লাপাড়া গ্রামের মসজিদের সামনে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মামুন হোসেন উপজেলার গাড়াপোতা গ্রামের বাসিন্দা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হবে। ট্রাক্টরচালককে আটকের জন্য অভিযান চলছে।

বাংলাধারা/ডেস্ক
 

মন্তব্য করুন