ঢাকা, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১২:০৮ দুপুর  

ছবি: সংগৃহিত

ঢাকা-সিলেট রুটে চলাচলকারী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে পড়ে। এতে শত শত যাত্রী ভোগান্তিতে পড়লেও রেলওয়ের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে চলন্ত ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন থেকে মবিল (লুব্রিকেন্ট) লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়, যা অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। আগুন দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তারা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। রেলওয়ে কর্মী ও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের পরপরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে, ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন সরিয়ে নিতে এবং যোগাযোগ পুনরুদ্ধারে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। প্রকৌশলী ও উদ্ধারকারী দলের টানা প্রচেষ্টায় অবশেষে সকাল ৯টা ১৫ মিনিটে লাইন সচল করা সম্ভব হয়।

এরপর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিকভাবে চালু হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাধারা/এসআর