ফাইনালের মাঝেই মাঠ ছাড়লেন ক্রিকেটার, উড়াল দিলেন অন্য দেশের লিগে তুমুল বিতর্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:০১ দুপুর
ছবি: সংগৃহিত
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়েছেন অলরাউন্ডার বেয়ার্স সোয়ানেপোয়েল। ওয়ানডে কাপের ফাইনাল ম্যাচ চলাকালীনই মাঠ ছেড়ে ইংল্যান্ডগামী ফ্লাইট ধরতে চলে যান তিনি, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
গত রোববার লায়ন্স ও টাইটান্সের মধ্যকার ফাইনালে লায়ন্সের হয়ে খেলছিলেন সোয়ানেপোয়েল। দ্বিতীয় ইনিংসের ৪৩তম ওভারের সময় হঠাৎ করেই মাঠ ছাড়েন তিনি। সরাসরি রওনা হন জোহানেসবার্গের ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে, সেখান থেকে ইংল্যান্ডে উড়াল দেন।
ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন সোয়ানেপোয়েল। নিজের ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। কিন্তু তার আকস্মিক প্রস্থানে বড় বিপাকে পড়ে লায়ন্স। আম্পায়াররা বদলি ফিল্ডার নামানোর অনুমতি না দেওয়ায় দলকে এক পর্যায়ে ১০ জন নিয়েই ফিল্ডিং করতে হয়।
রুদ্ধশ্বাস এই ম্যাচে শেষ পর্যন্ত ২৪৯ রানের লক্ষ্য তাড়া করে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নেয় টাইটান্স। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এক খেলোয়াড় কম থাকায় লায়ন্সের ক্ষতি হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সবচেয়ে বিস্ময়কর বিষয়, সোয়ানেপোয়েলের সতীর্থরা জানতেনই না তিনি মাঠ ছাড়ছেন ফ্লাইট ধরতে। তারা ভেবেছিলেন, হয়তো তিনি চোট পেয়েছেন। এ নিয়ে আম্পায়ারদের সঙ্গে কয়েক দফা তর্কও হয় দলের।
যদিও দলের কোচিং স্টাফ ম্যাচের দিন সকালে তার ফ্লাইটের বিষয়টি জানতেন, তারা ধারণা করেছিলেন তিনি সন্ধ্যার দিকে মাঠ ছাড়বেন। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ত্যাগ করেন এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও নিয়মিত খেলেন সোয়ানেপোয়েল। উরস্টারশায়ারের হয়ে খেলতে যাওয়ার তাড়াহুড়াতেই তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। তবে বিষয়টি আগে থেকে স্পষ্টভাবে কাউকে না জানানোই বিতর্কের জন্ম দিয়েছে।
ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে লায়ন্স কর্তৃপক্ষ। দলের প্রধান নির্বাহী জোনো লিফ-রাইট বলেন, “এটা আমাদের দলীয় শৃঙ্খলা ও খেলার সংস্কৃতির পরিপন্থী। সমর্থকদের প্রতিও এটি অসম্মানজনক। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি, তার চুক্তি বাতিলের বিষয়টিও বিবেচনায় আছে।”
এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা এডি খোজা জানিয়েছেন, “বোর্ডের নিয়ম ভঙ্গের অভিযোগে তদন্ত চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সব মিলিয়ে, মাঠ ছেড়ে মাঝপথে ফ্লাইট ধরার এই ঘটনা ক্রিকেট বিশ্বে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে।
বাংলাধারা/এসআর
