ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

১৫ বছরেই বিশ্বরেকর্ড, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান রুয়ান্ডার উতাগুশিমানিন্দে

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০১:১৮ দুপুর  

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাসের জন্ম দিলেন রুয়ান্ডার কিশোরী ক্রিকেটার ফ্যানি উতাগুশিমানিন্দে। মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে সেঞ্চুরি করে তিনি গড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরির বিশ্বরেকর্ড, যা নারী-পুরুষ উভয় বিভাগের আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

নাইজেরিয়ায় অনুষ্ঠিত একটি আমন্ত্রণমূলক নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই এই কীর্তি গড়েন তিনি। ফ্যানি উতাগুশিমানিন্দে নিজের অভিষেক ম্যাচেই খেলেন দুর্দান্ত এক ইনিংস, ৬৫ বলে ১১১ রান, যেখানে ছিল ১৭টি বাউন্ডারি। তার ঝড়ো ব্যাটিংয়ে রুয়ান্ডা ৩ উইকেটে তোলে ২১০ রানের বিশাল সংগ্রহ।

এর আগে নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে কোনো ব্যাটারের সেঞ্চুরি করার নজির ছিল না। টি-টোয়েন্টিতে অভিষেকে সর্বোচ্চ ৯৬* রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কারেন রোল্টন-এর। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখেছেন এই তরুণী।

ঘানার বিপক্ষে ম্যাচে রুয়ান্ডার দেওয়া ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঘানা ২০ ওভারে ৮ উইকেটে তোলে মাত্র ৮৮ রান। ফলে ১২২ রানের বড় জয় পায় রুয়ান্ডা। দলের পক্ষে বোলিংয়ে বেলিসে মুরেকাতেতে নেন তিনটি উইকেট, আর তিন ব্যাটার হন রানআউট।

এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড ছিল আয়ারল্যান্ডের অ্যামি হান্টার-এর দখলে। ২০২১ সালে নিজের ১৬তম জন্মদিনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১২১ রান করেছিলেন তিনি। উতাগুশিমানিন্দে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় নিয়ে গেলেন নিজেকে।

টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির আগের রেকর্ড ছিল উগান্ডার প্রসোকোভিয়া আলাকো-এর, যিনি ২০১৯ সালে ১৬ বছর ২৩৩ দিন বয়সে মালির বিপক্ষে ১১৬ রান করেছিলেন।

অন্যদিকে, পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে এখনও স্মরণীয় শহীদ আফ্রিদি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৬ বছর ২১৭ দিন বয়সে ৪০ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি, যা দীর্ঘদিন ছিল দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও।

সব মিলিয়ে, অভিষেক ম্যাচেই একাধিক রেকর্ড গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনী বার্তা জোরালোভাবে জানিয়ে দিলেন রুয়ান্ডার এই বিস্ময়কিশোরী।

বাংলাধারা/এসআর