সৌদিতে হামলায় নিহত প্রবাসী মোশাররফের মরদেহ দেশে, শোকাহত স্বজনরা
প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১১:৫৫ দুপুর
ছবি: সংগৃহিত
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। স্বজনদের কান্না আর শোকের আবহে তাকে গ্রহণ করেন পরিবারের সদস্যরা।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তার মরদেহ এসে পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ। বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থেকে মরদেহ গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন।
এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে রিয়াদ থেকে মরদেহবাহী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
নিহত মোশাররফ হোসেনের বাড়ি সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামে। তিনি মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ আল-খারিজ এলাকার আল-তোয়াইক অঞ্চলের একটি আবাসিক ভবনে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে সংঘটিত ওই হামলায় মোট তিনজন প্রাণ হারান।
স্বজনরা জানান, জীবিকার তাগিদে প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মোশাররফ। দুই বছর আগে একবার দেশে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটালেও পরে আবার কর্মস্থলে ফিরে যান। মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগেও বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন তিনি, যা ছিল পরিবারের সঙ্গে তার শেষ যোগাযোগ।
দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের নিথর দেহ ফিরে পেলেও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বাংলাধারা/এসআর
