ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৩:০৭ দুপুর
ছবি: সংগৃহিত
ঈদযাত্রার ব্যস্ততার মধ্যেই বগুড়ার সান্তাহারে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি বগুড়া জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক করা এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস-এর নয়টি বগি আলমদীঘি এলাকায় লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিজের সাবেক নির্বাচনী এলাকা হওয়ায় ঘটনাটির প্রতি বিশেষ নজর রাখছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আসনটি ছেড়ে দেন।
সব মিলিয়ে, দুর্ঘটনার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঈদযাত্রা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
বাংলাধারা/এসআর
