তিন জেলায় ভয়াবহ সড়ক ও রেল দুর্ঘটনা, প্রাণ গেল ১৯ জনের
প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১২:৫০ দুপুর
ছবি: সংগৃহিত
দেশের তিন জেলায় পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী, ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে তিনজন এবং হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। পৃথক এসব দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে।
কুমিল্লা: রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১২
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হন, যাদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়। প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব অংশ নেয়। সকাল ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা ঘোষণা করেছেন জেলা প্রশাসক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হবিগঞ্জ: বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে থাকা চালক ও যাত্রীরা নিহত হন। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
ফেনী: ত্রিমুখী সংঘর্ষে প্রাণহানি ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সড়কের একটি লেনে সংস্কার কাজ চলায় যান চলাচলে ধীরগতি ছিল। এ সময় একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। পরে এ নিয়ে সৃষ্ট যানজটের মধ্যে দ্রুতগতির আরেকটি বাস ঢুকে পড়লে বড় ধরনের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন।
বাংলাধারা/এসআর
