ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

‘আলো আসবেই’ বিতর্কে ফের আলোচনায় ভাবনা, দিলেন নিজের ব্যাখ্যা

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০১:২৯ দুপুর  

ছবি: সংগৃহিত

জুলাই গণঅভ্যুত্থানের সময় আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘিরে আবারও সরব হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। নতুন করে সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়াকে ঘিরেই শুরু হয় নতুন আলোচনা, যার প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

জানা যায়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ-এর নেতৃত্বে গঠিত ‘আলো আসবেই’ গ্রুপে আওয়ামী লীগপন্থী শিল্পী ও কলাকুশলীদের যুক্ত করা হয়েছিল। জুলাইয়ের আন্দোলনের সময় এই গ্রুপের কার্যক্রম ঘিরে জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এই গ্রুপে যুক্ত ছিলেন আরও কয়েকজন তারকা, যেমন সায়মন সাদিক, শাহনুরসহ অনেকে। তবে তাদের অনেকেই সরাসরি রাজপথে না নামলেও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছিলেন বলে জানা যায়।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন আশনা হাবিব ভাবনা। কেউ কেউ তাকে ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য হিসেবে উল্লেখ করে পুরনো ঘটনাকে সামনে টেনে আনেন। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন তিনি।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে ভাবনা বলেন, সেটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং একটি নৃত্যনাট্যের অংশ। তিনি জানান, “যে ভিডিও ভাইরাল হচ্ছে, সেটি আমার একটি নৃত্যনাট্যের দৃশ্য। আমি নাচের পোশাকে ছিলাম এবং সেটি মুক্তিযুদ্ধভিত্তিক পরিবেশনা।” পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার যে ছবিগুলো ছড়িয়েছে, সেগুলোও ঈদের অনুষ্ঠানের অংশ বলে ব্যাখ্যা দেন তিনি।

রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ সরাসরি নাকচ করে এই অভিনেত্রী বলেন, তিনি কখনো কোনো পক্ষ হয়ে কাজ করেননি। বরং একজন শিল্পী হিসেবে তিনি সবসময় স্বাধীনভাবে কাজ করে গেছেন। দীর্ঘদিন চুপ থাকার কথা উল্লেখ করে তিনি জানান, সমালোচনার পাশাপাশি নানা ধরনের অপমান ও হয়রানির শিকার হয়েছেন, যার বিষয়ে তিনি ভবিষ্যতে বিস্তারিত বলবেন।

নিজেকে অরাজনৈতিক উল্লেখ করে ভাবনা আরও বলেন, একজন শিল্পীর কাজ হলো সবার সঙ্গে কাজ করা। রাষ্ট্রীয় বা সাংস্কৃতিক যেকোনো আয়োজনে অংশ নেওয়াকে তিনি পেশাগত দায়িত্ব হিসেবেই দেখেন। ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

সবশেষে সমালোচকদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, যেন তাকে কাজের সুযোগ দেওয়া হয়, “আমি শুধু একজন শিল্পী হয়ে থাকতে চাই। আমাকে আমার মতো করে কাজ করতে দিন, ছবি আঁকতে দিন, কবিতা লিখতে দিন।”

বাংলাধারা/এসআর