জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০২:০০ দুপুর
ছবি: সংগৃহিত
বলিউডে যখন তার সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী, তখনই হঠাৎ করে মুম্বাই ছেড়ে দূরে সরে যান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র ও আন্তর্জাতিক খ্যাতির মধ্যেও কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, সে প্রশ্ন বহুদিন ধরেই ভক্তদের মনে ছিল। অবশেষে সেই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘নট স্কিনি বাট নট ফ্যাট’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে প্রিয়াঙ্কা জানান, বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি ও নানা পরিস্থিতির কারণে তিনি নিজেকে কোণঠাসা মনে করেছিলেন। সে কারণেই নতুন পথের সন্ধানে তিনি হলিউডে কাজ করার সিদ্ধান্ত নেন।
প্রিয়াঙ্কা বলেন, “আমি এমন একজন মানুষ, যে পচা আবর্জনার মধ্যে বেশিক্ষণ থাকতে পছন্দ করে না। কারণ সেখানে বেশি দিন থাকলে সেই গন্ধে অভ্যস্ত হয়ে যেতে হয়। আমি সেই পরিবেশে দীর্ঘদিন থাকতে চাইনি।”
তিনি আরও বলেন, জীবনের পথ সব সময় মসৃণ হয় না। কঠিন সময় এলে নিজেকে গুছিয়ে নিয়ে নতুনভাবে শুরু করার সাহস থাকতে হয়। তার ভাষায়, “আমাদের সবার জীবনেই লড়াই আছে। এক মুহূর্তের জন্য কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু তারপর আবার উঠে দাঁড়াতে হয়। আমিও আমার ক্যারিয়ারে বারবার সেটাই করেছি।”
হলিউডে পা রাখা তার জন্য সহজ ছিল না বলেও জানান এই অভিনেত্রী। সে সময় বিশ্বমঞ্চে ভারতীয় শিল্পীদের উপস্থিতি ছিল খুবই সীমিত। প্রিয়াঙ্কা বলেন, তখন আমেরিকার পপ সংস্কৃতিতে ভারতীয়দের প্রতিনিধিত্ব বলতে হাতে গোনা কয়েকটি নামই ছিল। এই বাস্তবতা তাকে একদিকে যেমন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল, তেমনি নতুন কিছু করার অনুপ্রেরণাও জুগিয়েছিল।
নিজের আত্মবিশ্বাসের কথা বলতে গিয়ে তিনি বলেন, হলিউডে যাওয়ার সময় তার সামনে কোনো নির্দিষ্ট পথ বা উদাহরণ ছিল না। তবে নিজের পরিশ্রম ও দক্ষতার ওপর তার অটল বিশ্বাস ছিল। যে কোনো পরিচালক বা সহ-অভিনেতার সঙ্গে সমানতালে কাজ করার সক্ষমতা আছে, এই বিশ্বাসই তাকে অজানা পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।
প্রিয়াঙ্কার ভাষায়, জীবনের কঠিন সময়গুলোই মানুষকে নতুনভাবে গড়ে তোলে এবং এগিয়ে যাওয়ার শক্তি দেয়।
বাংলাধারা/এসআর
