সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:৪১ দুপুর
ছবি: সংগৃহিত
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ৮ উইকেটের বড় ব্যবধানে সেই জয়ের পর এবার সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ শুক্রবার মাঠে নামছে টাইগাররা।
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে পাকিস্তানের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। প্রথম ম্যাচের পারফরম্যান্স ধরে রেখে এই ম্যাচেই সিরিজ নিজেদের করে নিতে চাইবে স্বাগতিকরা।
বিশ্বকাপের আগে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে বের করা এবং প্রস্তুতি আরও শক্ত করতে এই সিরিজকে বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ দল। তাই মিরাজ নিশ্চয়ই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবেন।
বাংলাদেশ শিবিরে অবশ্য খুব বেশি পরিবর্তনের আভাস নেই। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। ফলে আগের ম্যাচের একাদশই প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। তাই একাদশে কিছু পরিবর্তন আনতে পারে সফরকারী দলটি।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
পাকিস্তান : সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম/হারিস রউফ, আবরার আহমেদ।
বাংলাধারা/এসআর
