ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বাংলাদেশের পাশে পাকিস্তান, বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত পিসিবির

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২৬, ০১:৪৩ দুপুর  

ছবি: সংগৃহিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। নিরাপত্তা উদ্বেগে ভারতে দল পাঠাতে অনাগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানের প্রতি এবার প্রকাশ্য সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান তাদের বিশ্বকাপ প্রস্তুতিও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দল পাঠানো নিয়ে বিসিবির সিদ্ধান্তকে যৌক্তিক ও বৈধ বলে মনে করছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পিসিবি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, বাংলাদেশ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি সম্মানজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তবে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাববে। এমনকি বিশ্বকাপে না খেলার সম্ভাবনাও মাথায় রেখে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

‘জিও সুপার’-এর সূত্র মতে, পিসিবির অবস্থান স্পষ্ট- আয়োজক হওয়ার অজুহাতে কোনো দেশের ওপর চাপ সৃষ্টি বা হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়।

এর আগে ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু কোনো কারণে পাওয়া না গেলে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে তারা প্রস্তুত। পিসিবির দাবি, পাকিস্তানের ভেন্যুগুলো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এদিকে সংকট সমাধানে আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের খবরে বলা হয়েছে, ক্রিকেট আয়ারল্যান্ড তাদের নির্ধারিত গ্রুপ বদলাতে রাজি নয়। ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ) বিষয়টি নিশ্চিত করেছে বলেও জানানো হয়েছে। ফলে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদলের প্রস্তাব কার্যত নাকচ হয়ে গেছে।

তবু শেষ চেষ্টা হিসেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইরিশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিসিবি সূত্র জানায়, শনিবার রাতে টেলিফোনে আলোচনা হলেও সেখান থেকে কোনো স্পষ্ট আশ্বাস পাওয়া যায়নি। আইরিশরা রাজি না হলে তাদের ওপর চাপ দেওয়ার এখতিয়ার আইসিসিরও নেই। পাশাপাশি স্বাগতিক শ্রীলঙ্কার সম্মতিও প্রয়োজন।

বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান ও আয়ারল্যান্ড-যাদের ম্যাচ হবে কলম্বো ও ক্যান্ডিতে। অন্যদিকে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি- এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

ভারত সফরে বাংলাদেশের অনীহার পরিপ্রেক্ষিতে আইসিসি আগামী ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, সূচি বা ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই এবং বাংলাদেশকে ‘সি’ গ্রুপেই কলকাতা ও মুম্বাইয়ে খেলতে হবে। তবে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে, সে ক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে আইসিসির।

সব মিলিয়ে বাংলাদেশের অবস্থানকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে এখন উত্তেজনা ও অনিশ্চয়তা চরমে।


বাংলাধারা/এসআর