ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, কবে ফিরবেন স্পষ্ট নয়

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৭:৫২ বিকাল  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলেও, বোর্ডের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশে ফেরা কবে, তা এখনো স্পষ্ট নয়।

গত ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছেড়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বলেও জানা গেছে। তবে দীর্ঘ এই সফর শেষে ঠিক কবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।

যদিও বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ আগে ইঙ্গিত দিয়েছিলেন, মার্চের শেষদিকে দেশে ফিরতে পারেন সভাপতি। এর মধ্যে গুঞ্জন রয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি বৈঠকে অংশ নিতে তিনি জাপানে অবস্থান করছেন।

ধারণা করা হচ্ছে, জাপান থেকেই দেশে ফেরার কথা রয়েছে তার। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট সূত্র থেকেও।

এদিকে সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজকে ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের ফিটনেস অনুশীলন। খুব শিগগিরই শুরু হবে স্কিল ক্যাম্প, যেখানে ম্যাচ প্রস্তুতির পরবর্তী ধাপে মনোযোগ দেবেন ক্রিকেটাররা।

বাংলাধারা/এসআর