সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, নাশকতার সন্দেহে তদন্ত কমিটি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৬:১১ বিকাল
ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে সাউন্ড সিস্টেমে সৃষ্ট বিভ্রাটকে ঘিরে নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম।
গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হলে হঠাৎ করেই সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেয়, যার ফলে কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখতে হয়। এ ঘটনায় সংসদ সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী হেডফোন ও সাউন্ড ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানান।
চিফ হুইপ বলেন, “সাউন্ড সিস্টেমে কোনো ধরনের নাশকতা হয়েছে কি না, সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।” একই সঙ্গে যান্ত্রিক ত্রুটি শনাক্ত করতে বুয়েটের বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
সংসদ সদস্যদের ব্যবহৃত হেডফোন নিয়েও ব্যাপক অভিযোগ রয়েছে উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, “বর্তমান হেডফোনগুলো বড় ও অস্বস্তিকর। এগুলো ব্যবহার করে অধিবেশন শোনা কঠিন হয়ে পড়ে, এমনকি অনেকের শারীরিক অস্বস্তিও তৈরি হচ্ছে।” তিনি জানান, দ্রুতই এসব হেডফোন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা হয়। চিফ হুইপ জানান, মন্ত্রী, স্পিকার ও হুইপদের বাইরে অন্যান্য সদস্যদের জন্যও আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় আসবাবপত্র ও সরঞ্জাম ক্রয় সম্পন্ন করে বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সাউন্ড সিস্টেম সংস্কারে বিলম্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের আগে দেশে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা প্রস্তুতিতে প্রভাব ফেলেছে। তবে এখন দ্রুত সব সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে তিনি আশ্বাস দেন।
বাংলাধারা/এসআর
