ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

একদিনেই দুদফা বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ৬,৫৯০ টাকা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৬:০৪ বিকাল  

ছবি: সংগৃহিত

দেশের বাজারে একদিনে দুবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে দুই দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়।

শনিবার (২৮ মার্চ) বিকেলে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে, যা বিকেল ৪টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে শুক্রবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দামের এই ঊর্ধ্বগতির মধ্যেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকাতেই বিক্রি হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের বাজারেও।

আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম বেড়ে প্রায় ৪ হাজার ৪৯৪ ডলারে দাঁড়িয়েছে। যদিও এর আগে জানুয়ারির শেষ দিকে তা ৫ হাজার ডলারের ঘর ছাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

উল্লেখ্য, বিশ্ববাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় গত ২৯ জানুয়ারি দেশের বাজারেও এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড। সেই সময় ভালো মানের এক ভরি সোনার দাম উঠে গিয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়।

বাংলাধারা/এসআর