ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

বর্তমান পোশাকে অসন্তুষ্ট পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৬:২০ বিকাল  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ পুলিশ বাহিনীর বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ সদস্যরা বিদ্যমান পোশাকে সন্তুষ্ট নন, তাই ঐতিহ্যবাহী কোনো পোশাক পুনর্বহালের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর মধ্যে সন্তুষ্টি নেই। আমরা চাই, তাদের জন্য এমন একটি পোশাক নির্ধারণ করা হোক, যা আমাদের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন বাস্তবতায় দায়িত্ব নিতে যাওয়া এই ব্যাচের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, “পুলিশ কোনো দলের নয়, এটি জনগণের বাহিনী। আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সেই অবস্থান থেকে ধীরে ধীরে বাহিনীটি পুনর্গঠিত হয়ে বর্তমান অবস্থানে এসেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এ প্রশিক্ষণে মোট ৮০ জন কর্মকর্তা অংশ নেন, যার মধ্যে ৭২ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উত্তীর্ণদের মধ্যে নারী ক্যাডার ৬ জন এবং পুরুষ ক্যাডার ৬৬ জন।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এসআর