অস্ট্রেলিয়ায় যাত্রা শুরু ‘বনলতা এক্সপ্রেস’-এর
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৩:৩৫ দুপুর
ছবি: সংগৃহিত
দেশের প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকপ্রিয়তা ও বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্যের ধারাবাহিকতায় ছবিটি এখন প্রদর্শিত হচ্ছে অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে।
শুক্রবার (২৭ মার্চ) থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের ১৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তারকাবহুল এই চলচ্চিত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা তানিম নূর ও ছবিটির আন্তর্জাতিক পরিবেশক বঙ্গজ ফিল্মস।
পরিবেশক সূত্রে জানা গেছে, ব্যাংকস্টাউন, ক্যাম্পবেলটাউন ও ক্যারোসেলসহ অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। বিদেশের মাটিতেও ছবিটি দর্শকদের কাছে ইতিবাচক সাড়া পাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
এদিকে, আন্তর্জাতিক মুক্তির পরিসর আরও বাড়ছে। আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দেশে মুক্তির পর থেকেই ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গল্প, নির্মাণ ও অভিনয়ের কারণে সিনেমাটি দ্রুতই আলোচনায় উঠে আসে। পাশাপাশি প্রতিদিনই বেড়েছে এর বক্স অফিস আয়।
একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিনেমায় যাত্রীদের জীবনের নানা বাস্তবতা ও আবেগ উঠে এসেছে। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী।
দেশীয় সাফল্যের পর আন্তর্জাতিক পরিসরেও ‘বনলতা এক্সপ্রেস’-এর এই যাত্রা বাংলা সিনেমার জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
বাংলাধারা/এসআর
