প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার দুই সেতুর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দেলোয়ার হোসেন (৫০) মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
স্থানীয়রা জানান, পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি বরংগাইল এলাকায় পৌঁছালে আরেকটি বাসকে ওভারটেক করার সময় সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির সামনের চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১০-১২ জন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন