প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ১০:০০ পিএম

অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বিএমইউতে ৩৮টি আউটকাম-বেইসড কারিকুলাম প্রণয়ন

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক মানের উচ্চতর চিকিৎসা শিক্ষা নিশ্চিত এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন (ডব্লিউএফএমই)সহ দেশি-বিদেশি স্বীকৃতি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ৩১টি বিভাগের ৩৮টি আউটকাম-বেইসড কারিকুলাম প্রণয়ন করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত ৭৫তম একাডেমিক কাউন্সিলের সভায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) প্রণীত এসব কারিকুলামের সংকলন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
আইকিউএসি জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী প্রণীত এসব আউটকাম-বেইসড কারিকুলাম আন্তর্জাতিক মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি ডব্লিউএফএমইসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উচ্চতর চিকিৎসা শিক্ষার বৈশ্বিক মান বজায় রাখতে এ ধরনের কারিকুলাম বর্তমানে বাধ্যতামূলক।
সভায় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সভাপতিত্বে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, বিভিন্ন অনুষদের ডিন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সংশ্লিষ্ট শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এসব কারিকুলাম প্রণয়নে আইকিউএসি, ডিনস কমিটি, কোয়ালিটি অ্যাশিউরেন্স বিশেষজ্ঞ, বিভিন্ন বিভাগের আউটকাম-বেইসড কারিকুলাম কমিটি, বিভাগীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই উদ্যোগের মাধ্যমে বিএমইউতে আন্তর্জাতিক মানসম্মত ও শিক্ষার্থী-কেন্দ্রিক চিকিৎসা শিক্ষা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন