ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

রমজানে ব্যাংক লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত, অফিস খোলা থাকবে বিকেল ৪টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:০১ দুপুর  

ছবি: সংগৃহিত

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, রমজানজুড়ে গ্রাহক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত লেনদেন সময় শেষ হলেও ব্যাংকগুলো গ্রাহক সেবা সংক্রান্ত হিসাব বন্ধ, নথিপত্র প্রক্রিয়াকরণসহ আনুষঙ্গিক দাপ্তরিক কাজ সম্পন্ন করতে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। একই সময়সূচি কেন্দ্রীয় ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের অফিস সময় হিসেবেও প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সময়ের মধ্যেই ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক যোগাযোগ, ক্লিয়ারিং কার্যক্রম এবং আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি সম্পন্ন করতে হবে। ফলে ব্যাংকিং কার্যক্রমে সমন্বয় বজায় রাখতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নতুন সময়সূচি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে রমজান মাসে পুঁজিবাজারের লেনদেন সময়ও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস ও লেনদেন সময়সূচি আগের নিয়মে ফিরে যাবে। প্রতি বছর রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে গ্রাহকদের সুবিধা এবং ধর্মীয় অনুশীলনের সুযোগ নিশ্চিত করতে এ ধরনের সময়সূচি সমন্বয় করা হয়।

বাংলাধারা/এসআর