নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে কুমার নদে ট্রাক, চালকসহ নিহত ২
প্রকাশিত: জানুয়ারী ০৪, ২০২৬, ১২:৪৩ দুপুর
ছবি: সংগৃহিত
ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক কুমার নদের ওপর নির্মিত সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে ট্রাকচালকসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার রাত আনুমানিক ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার বরদা পুরাতন সেতুতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনের মরদেহ উদ্ধার করেন।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭) এবং জাফর মিয়ার ছেলে মুবারক হোসেন।
ফায়ার সার্ভিস যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, শনিবার রাতে যশোর থেকে ডালবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে রওনা দেয়। রাতের শেষ প্রহরে ঘন কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বরদা পুরাতন সেতুর রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।
খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে। রোববার ভোরে ক্রেনের সহায়তায় নদী থেকে ট্রাকটি তোলার সময় চালক সোহেল শেখ ও তার সহকারী মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতদের পরিবারকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘন কুয়াশা ও পুরোনো সেতুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাংলাধারা/এসআর
