ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৮ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ০৪, ২০২৬, ০৩:০০ দুপুর  

ছবি: সংগৃহিত

দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৮ লাখে পৌঁছেছে। এর মধ্যে শুধু গত ডিসেম্বর মাসেই ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠান নতুনভাবে ভ্যাটে নিবন্ধিত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ হ্যালো বাংলাদেশকে বলেন, “দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ ক্যাম্পেইন ও জরিপ পরিচালনার মাধ্যমে ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় এনেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে তা ৭ লাখ ৭৫ হাজারেরও বেশি।”

তিনি আরও জানান, ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করা হয়েছে। এরপর ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন চলে। এই সময় দেশে প্রায় ১ লাখ নতুন প্রতিষ্ঠানকে শনাক্ত করে ভ্যাটের আওতায় আনা হয়েছে।

এনবিআর জানিয়েছে, দেশের সর্বোচ্চ রাজস্ব আসে ভ্যাট থেকে। গত বছর মোট রাজস্বের ৩৮ শতাংশ ভ্যাট থেকে আদায় হয়েছে। বর্তমান সরকার ভ্যাট নিবন্ধনের সুবিধা আরও বৃদ্ধি করেছে। নতুন আইন অনুযায়ী, আগে যেখানে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার বেশি হলে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক ছিল, এখন তা ৫০ লাখ টাকারও বেশি হলে প্রযোজ্য।

সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে ই-ভ্যাট সিস্টেম চালু করা হয়েছে। এতে ব্যবসায়ীরা ঘরে বসেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন, এবং অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাব ফেরত পাবেন। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজভাবে ভ্যাট রিটার্ন প্রস্তুত করার ব্যবস্থাও চালু হয়েছে।

ভ্যাটের এই সম্প্রসারণ দেশের ব্যবসা ও রাজস্ব ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুবিধাজনক করতে সাহায্য করবে।


বাংলাধারা/এসআর