মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে বাংলাদেশি কিশোরীর মৃত্যু
প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৬, ০২:৩৭ দুপুর
ছবি: সংগৃহিত
বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে টেকনাফে এক বাংলাদেশি কিশোরীর প্রাণ গেছে। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম আফনান আরা (১২)। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির সময় সীমান্ত অতিক্রম করে আসা গুলিতেই কিশোরীটি নিহত হয়েছে।
বিজিবি সূত্র জানায়, রোববার ভোর থেকেই মিয়ানমারের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। ওই সময় সীমান্তবর্তী হোয়াইক্যং এলাকার দিকে একাধিক গুলি এসে পড়ে। এরই এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আফনান আরার মৃত্যু হয়।
ঘটনার পরপরই বিজিবি সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। ৬৪ বিজিবির অধিনায়ক নিজেই ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্তে ফের এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাধারা/এসআর
