ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা:

১২ ঘণ্টার ব্যবধানে ফের লাফ, ভরিতে সোনার দাম ছাড়াল ২ লাখ ৫৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ২৩, ২০২৬, ০২:০৮ দুপুর  

ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থার উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। দাম কমানোর ঘোষণা দেওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ফের সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ভরিতে দুই লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, আজ দুপুর ১২টা পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। তবে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে আবারও মূল্য সমন্বয় করতে হয়েছে।

দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে দাম নির্ধারণের সময় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী ছিল। সেই পরিস্থিতিতে রাত ৯টার দিকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এরপরই বিশ্ববাজারে সোনার দাম দ্রুত ও ব্যাপকভাবে বেড়ে যায়। পরিবর্তিত বাস্তবতা বিবেচনায় নিয়ে আজ জরুরি বৈঠকের মাধ্যমে পুনরায় দাম সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজুস কেবল সোনা বিক্রি করে না, কেনাবেচা- উভয় কার্যক্রমই পরিচালনা করে। তাই ক্রেতা ও বিক্রেতা- দুই পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

বিশ্ববাজারে সোনার দামের এই ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, যুদ্ধ পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে, নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ছে, ফলে দামও বাড়ছে।

বিশ্বব্যাপী সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যমতে, বাংলাদেশ সময় দুপুর ১টায় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৫০ ডলার ছাড়িয়ে যায়।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২০০ টাকা।

 


বাংলাধারা/এসআর