সমাজের প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব: তারেক রহমান
প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৬, ০৪:০৭ দুপুর
ছবি: সংগৃহিত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজের প্রতিটি মানুষের মর্যাদা ও আত্মসম্মান নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব হওয়া উচিত। তিনি বলেন, আমরা যদি সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি, তবে এমন একটি বাংলাদেশ গড়া সম্ভব, যেখানে মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, কাউকে অবহেলার চোখে দেখা হবে না এবং প্রত্যেক নাগরিক সম্মান ও মানবিক মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের একটি হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। সিএসএফ গ্লোবালের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এই শিশুদের অনেকের মধ্যেই রয়েছে অসাধারণ প্রতিভা ও সম্ভাবনা। সঠিক সুযোগ, সহায়তা ও সহানুভূতিপূর্ণ পরিবেশ পেলে তারা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থার প্রয়োজন নেই, শুধু স্বাভাবিকভাবে চলার সুযোগ নিশ্চিত করলেই তারা নিজেদের মেধা ও সক্ষমতা বিকশিত করতে পারবে। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বাইরে কেউ নয়, তারাও আমাদেরই অবিচ্ছেদ্য অংশ।
এ সময় তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, যার যার অবস্থান থেকে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে এবং একটি সহানুভূতিশীল সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রথমবারের মতো বগুড়ায় বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়তে বিএনপি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। পরে তারেক রহমান শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং তাদের পরিবেশিত সংগীত উপভোগ করেন। পুরো আয়োজনজুড়ে আবেগঘন ও মানবিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে তারেক রহমান বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখী মাহী সওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রংপুরের উদ্দেশে যাত্রা করেন।
বাংলাধারা/এসআর
