প্রার্থিতা ফেরাতে শেষ চেষ্টা ব্যর্থ, নির্বাচনে থাকছেন না বিএনপির মঞ্জুরুল আহসান
প্রকাশিত: ফেব্রুয়ারি ০১, ২০২৬, ১০:৪৭ দুপুর
ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরাতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণের সব আইনি পথ বন্ধ হয়ে গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে বিষয়টি উত্থাপিত হয়।
এর আগে কুমিল্লা-৪ আসনের রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগ যাচাই শেষে নির্বাচন কমিশন (ইসি) গত ১৭ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট আবেদন করেন। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট তার রিট আবেদন সরাসরি খারিজ করে দেন। এরপর তিনি সর্বশেষ আশ্রয় হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল দায়ের করেন।
গত ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় ২ নম্বরে থাকা এই আবেদনটির শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে আদালত রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগ লিভ টু আপিল খারিজের রায় ঘোষণা করেন।
আদালতের এ আদেশের মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসনে বিএনপির এই প্রার্থীর নির্বাচন করার সব আইনি সুযোগ শেষ হলো। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর প্রার্থী হিসেবে থাকতে পারবেন না।
বাংলাধারা/এসআর
