ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৬, ১২:০০ দুপুর  

ছবি: সংগৃহিত

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে তার মনোনয়নসংক্রান্ত আপিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে একটি ব্যাংকের করা লিভ টু আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেন আপিল বিভাগ। একই সঙ্গে ন্যায়বিচার ও নির্বাচনী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে আদালত স্পষ্টভাবে উল্লেখ করেন, আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না।

শুনানিকালে আসলাম চৌধুরীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। অপরদিকে আপিলের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন মোহাম্মদ হোসেন লিপু এবং অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি শুরু হয়।

এই আদেশের ফলে চট্টগ্রাম-৪ আসনে নির্বাচনী প্রতিযোগিতা অব্যাহত থাকলেও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইনি অনিশ্চয়তা বজায় থাকল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাধারা/এসআর